গান গাওয়ার অপরাধে...

Arrestভালোবাসা দিবসে উচ্চস্বরে গান-বাজনা করার অপরাধে মিরপুরে ৪০ জন তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মিরপুর দশ নম্বরের বেনারশী পল্লীর ১ নম্বর গলির 'হট ভার্সেস কুল' ক্যাফে থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যেই ওই ৪০ তরুণ-তরুণীকে আদালতে চালান দিয়েছে মিরপুর মডেল থানা। গণ-উপদ্রব আইনে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুইয়া মাহবুব হোসেন বলেন,‘উচ্চস্বরে গান গেয়ে এলাকার মানুষকে বিরক্ত করায় তাদের গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে।’
তবে গ্রেফতারকৃতরা অভিযোগ করেছেন, তারা ক্যাফের ভেতরে শান্তভাবে গান করছিলেন। এমন সময় পুলিশ ভেতরে ঢুকে তাদের মারধর, টানা হেঁচড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। গ্রেফতারের সময় পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত এক তরুণ বলেন,‘ক্যাফেটির শাটার বন্ধ করে মাইক ছাড়া তারা বাউল গান গাইছিলেন। এক পর্যায়ে পুলিশ এসে তাদের সবাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ তাদের কয়েকজনকে মারধর ও গালিগালাজ করে। এর আগেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।’

এ বিষয়ে এসি মাহবুব হোসেন বলেন,‘তারা ওই ক্যাফের ভেতর অশ্লীলভাবে নাচ-গান করে মানুষকে বিরক্ত করছিল।’ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

/এআরআর/